করোনা মোকাবিলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৬ প্রস্তাব

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা জরুরি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের রাজনৈতিক পরিষদের সভায় এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রস্তাবনার মধ্যে রয়েছেÑ জেলা-উপজেলায় ফিল্ড হাসপাতাল তৈরি; সব সরকারি-বেসরকারি হাসপাতাল বাধ্যতামূলক চালু রাখা; এক সপ্তাহের মধ্যে দেড় কোটি শ্রমজীবী, দিনমজুর ও বস্তিবাসী পরিবারের কাছে কমপক্ষে এক মাসের খাদ্য ও নগদ অর্থ পৌঁছানো; চুরি-দুর্নীতি রোধে গণতদারকি কমিটি গঠন; ত্রাণ তহবিল সংগ্রহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৬ মাসের বেতনের ২৫ শতাংশ কর্তন এবং ব্যবসায়ীদের ওপর ধার্য, কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী প্রণোদনা ও ভর্তুকি প্রদান।

সভায় করোনা দুর্যোগ মোকাবিলায় গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবীর মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে অংশ নেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল প্রমুখ।