করোনা-আতঙ্ক

তাবলিগের মুসল্লিদের হিলি দিয়ে প্রবেশ নিয়ে বিরোধিতা

করোনা-সংক্রমণের ভয়ে ভারতে তাবলিগ জামাতের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি মুসল্লিদের দিনাজপুর সীমান্ত দিয়ে দেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে হিলিবাসী। তবে তাদের দেশে ফিরিয়ে এনে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার তাবলিগের মুসল্লিদের ওই দলটির হিলি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা কেউ প্রবেশ করেনি। তাদের থাকার জন্য কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণের খবর ছড়িয়ে পড়েছে। এ খবরে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে হিলির বালিকা বিদ্যালয় সংলগ্ন ও হাকিমপুর ডিগ্রি কলেজসংলগ্ন স্থানীয়দের অনেকে থানার ওসির কাছে গিয়ে তাবলিগের মুসল্লিদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের বিরোধিতা করেন।

স্থানীয় খাদেমুল ইসলাম, তুফান, আজম ও মোশারফ এই প্রতিবেদককে বলেন, ভারতে তাবলিগ জামাতের কর্মসূচিতে অংশ নিয়ে কয়েকজন আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন কয়েকজন। এখন তাবলিগের মুসল্লিরা এই এলাকায় অবস্থান করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিজেদের সুরক্ষার স্বার্থে আমরা চাই তাদের যেন এই এলাকায় না রাখা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলম জানান, তাবলিগ জামাতের সদস্যদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা এলে তাদের নিতে হবে। এ বিষয়ে তাদের কোয়ারেন্টাইনে রাখার জন্য আমরা হাকিমপুর ডিগ্রি কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করে রেখেছি।