১৫ থেকে ২৫ জানুয়ারি ঢাকায় বসেছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক আসরের ষষ্ঠ আসর। ছয়জাতির এই আসরে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ফিলিস্তিন। আসর শেষে কেটে গেছে আড়াই মাস। অথচ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দু’টি এখনো অপেক্ষায় প্রতিশ্রুত অর্থ পুরস্কারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো প্রতিশ্রুত ৫০ হাজার ডলার দেয়নি দু’টি দেশকে। ক্ষুব্ধ বুরুন্ডি এপ্রিলের মধ্যে টাকা না পেলে নালিশ করবে ফিফা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বুরুন্ডির ম্যানেজার কনস্টানটিন মুতিমা বাফুফের বিরুদ্ধে সাড়া না দেওয়ার অভিযোগও করেছেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো খেলতে গিয়েই দ্বিতীয় হয়েছিলাম। রানার্সআপ হিসেবে আমাদের ২০ হাজার ডলার পাওয়ার কথা। তিন মাস চলছে, টাকাটা আমরা পাইনি। বাফুফেকে এ নিয়ে বার্তা পাঠালে তারা কোনো জবাব দেয় না।’ সঙ্গে তিনি লিখেছেন, ‘এই মাসের মধ্যে যদি টাকা না পাই, তাহলে আমরা ফিফার কাছে অভিযোগ করব। এছাড়া বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে জানাব। কারণ সেদেশের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন।’