আশরাফ শিশিরের পরিচালনায় শিরোনামহীনের ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’

শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’র ভিডিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।

সম্প্রতি বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন করা হয়। 

এ বিষয়ে আশরাফ শিশির বলেন, “বৈশ্বিক মহামারীর এই সময়ে অঘোষিত লকডাউনের আগেই আমরা শুটিং এবং হোম কোয়ারান্টাইনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশন শেষ করেছি। এই কঠিন সময়ে ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’ আপনাকে জীবনের স্বর্ণালী সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে।”

আরও জানান, বাংলা নববর্ষে প্রকাশ হতে যাচ্ছে মিউজিক ভিডিওটি।

‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’র কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। জিয়াউর রহমানের চেলো ও কাজী শাফিন আহমেদের সরোদ এক নতুন মাত্রা যোগ করেছে এই গানে।

ভিডিওতে মডেল হয়েছেন কাজী রাজু ও বুয়েটের একদল শিক্ষার্থী।

এর আগে আশরাফ শিশির শিরোনামহীনের বোহেমিয়ান, যাদুকর ও বারুদসমুদ্র গান তিনটির ভিডিও নির্মাণ করেন। অন্যান্য কাজের সঙ্গে নির্মাতার ঝুলিতে আছে বিশ্বের দীর্ঘতম ফিকশন চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’।