বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে জেলেরা।

এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন। উদ্ধার হওয়া জেলের নাম আবুল খায়ের। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে।

সরেঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সাগরে মাছ ধরার সময় গত শুক্রবার রাতে হঠাৎ ঝড়ো হাওয়ায় আছড়ে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ওই ট্রলারের ১২ মাঝিমাল্লার মধ্যে ৯ জেলেকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে ট্রলারটি খুঁজতে মালিকের লোকজন বের হলে বিকেলে সেন্টমার্টিন পয়েন্টে ট্রলারটি ভাসতে দেখা যায়। ওই ট্রলারের কেবিনের ভেতর থেকে আবুল খায়েরের মরদেহ উদ্ধার করা হয়।