চৌদ্দগ্রামে সর্দি-জ্বরে যুবকের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দি-জ্বর নিয়ে মহিন উদ্দীন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৬টার সময় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত সালেহ আহম্মদের ছেলে।

খবর পেয়ে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমানসহ চৌদ্দগ্রাম থানার এসআই মো. খায়ের উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম মৃতের বাড়িতে পৌঁছে।

এ সময় উপজেলা প্রশাসন ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।

গত পাঁচ দিন ধরে সে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলেন যুবক। তিনি সর্দি-জ্বর ও কাশির বিষয়টি লোকজনের কাছে গোপন রেখে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার চেষ্টা করেন। মঙ্গলবার রাত থেকে তার লুজ মোশন শুরু হয় এবং বুধবার ভোরে তার মৃত্যু হয়।

সকালে স্থানীয় লোকজন বিষয়টি আইইসিডিআরের হটলাইনে কল করে জানায় এবং স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন।

পরে স্থানীয় চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বিষয়টি থানা এবং উপজেলা প্রশাসনকে জানালে তাৎÿণিক উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান, সর্দি-জ্বর নিয়ে মহিন উদ্দীন নামের এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।