হুমকি দিয়ে ট্রাম্প এবার বললেন, মোদি মহান!

হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ভারতকে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ওই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ভারত। এতে হুমকির ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল করে ট্রাম্প বললেন, মোদি ভালো মানুষ। মোদি মহান!

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে রীতিমতো টানাপোড়েন সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ট্রাম্প ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ চান। এতে ভারত রাজি না হলে দেশটির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরপরই হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে আসে নয়াদিল্লি। করোনায় যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ওষুধ পাঠানোর বন্দোবস্ত করে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, গুজরাটের তিনটা কারখানা থেকে জাহাজ বোঝাই ওষুধ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এরপরই ট্রাম্প বলেন, ‘দু’কোটি ৯০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ আসছে ভারত থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে আমার। ভারত থেকে ওষুধ আসছে। মোদি মহান। উনি খুব ভালো মানুষ।’

হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। করোনার ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্র এটিকে গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই ওষুধের পরামর্শ দিয়েছেন। যদিও এই ওষুধ গ্রহণ করে মৃত্যুর ঘটনা ঘটলে সমালোচিত হন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নভেল করোনাভাইরাসে দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৮৫৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কেই শুধু প্রাণ হারিয়েছেন ৮০০’র বেশি মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এখন ১২ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লাখ।