সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাজারপাড়া এলাকায় বুধবার ভোরে মাটি পরিবহনের ট্রাক উল্টে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ১ শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহত হয়।
নিহত আবদুল ওয়াহাব প্রামাণিক (৪৫) উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণ দহ গ্রামের মৃত কফেত আলী প্রামাণিকের ছেলে। আহতরা হলেন- নারায়ণ দহ গ্রামের আব্দুস সাত্তার (৬৮), রাকিবুল ইসলাম (২৩), আব্দুল জলিল (৪৫), আব্দুল মমিন (২২) ও আইয়ুব আলী (৪০)।
এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনজুরুল আলম জানান, নারায়ণ দহ গ্রাম থেকে মাটি পরিবহনের ট্রাকটি শ্রমিকদের নিয়ে গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী কোরবান আলীর মাটির খাদে মাটি কাটার জন্য যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাড়াদহ বাজারপাড়া গ্রামের আলাল মাস্টারের বাড়ির পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা মাটিকাটা শ্রমিকেরা নিচে চাপা পড়ে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ছাড়া ঘটনাস্থলই নিহত আব্দুল ওহাবের লাশ শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসনাত বলেন, আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত আব্দুস সাত্তার (৬৮) কে হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওয়াহাবের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।