যানচলাচল বন্ধ থাকায় এই সময়ে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলাদের কিংবা সদ্যোজাত শিশুদের নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করতে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। সেই ভাবনা থেকেই তাদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা করে দিলেন সাংসদ মিমি চক্রবর্তী।
করোনা মোকাবিলায় ইতিমধ্যেই নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ এবং ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন যাদবপুরের এ তারকা সাংসদ। করোনার সঙ্গে লড়াই করতে নিজের এলাকায় একটি টিম গঠন করেছেন মিমি। যারা প্রতিটা মুহূর্তে এলাকাবাসীর সুবিধে-অসুবিধের দিকে নজর রাখছেন। এবার করোনা পরিস্থিতি মোকাবিলায় গর্ভবতী মা এবং সদ্যোজাত শিশুদের পাশে সাংসদ মিমি চক্রবর্তী।
মিমি চক্রবর্তী বলেছেন, ‘এই কঠিন সময়ে সদ্যোজাত শিশু ও তার মা যাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে পারে, সেই জন্যই একটি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে’।
সূত্র: সংবাদ প্রতিদিন