নীলফামারীতে শ্বাস কষ্ট ও জ্বরে বৃদ্ধের মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

নীলফামারী ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নে দক্ষিণ কেতকীবাড়ি গ্রামে শ্বাস কষ্ট ও জ্বরে আলিয়ার রহমান (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। করোনার লক্ষণ সন্দেহে বুধবার স্বাস্থ্য কর্মীরা ওই মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ডোমার থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘প্রাথমিকভাবে তার করোনার লক্ষণ পাওয়া যায়নি। তার চিকিৎসাপত্র ও পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তার পরেও তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। লোকসমাগম না ঘটিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দুপুর দুইটার দিকে স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও উপজেলা প্রশাসন স্থানীয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করেছে’। তার পুত্রবধূ ঢাকা থেকে বেশ কিছুদিন পূর্বে আসার পর আবারও কর্মস্থলে ফিরে গেছেন বলেও জানান তিনি।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আলিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তার জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। বাড়ি থেকে রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

স্থানীয়রা জানান, তার এক পুত্রবধূ ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। সেখান থেকে ২০ দিন আগে বাড়িতে এসেছিলেন বর্তমানে  তিনি ঢাকায় আছেন।

কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক বলেন, ‘বিষয়টি পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে জানানো হলে তারা এসে নমুনা সংগ্রহ করেছেন। সেখানে চৌকিদারকে রাখা ছিল, বাইরের কোন লোকজনকে যেতে দেওয়া হয়নি। দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন এবং পরিবারের সদস্যদের সহযোগিতায়  আলিয়ার রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে।’