ভারতে আটকেপড়া তাবলিগের মুসল্লিরা হিলি দিয়ে ফিরছেন না

তাবলিগ জামাতের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি মুসল্লিদের সেই দলটি দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরছেন না বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

মঙ্গলবার রাতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ফেইসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানান।

করোনাভাইরাসের প্রকোপে লকডাউন হওয়া ভারত থেকে বিশেষ ব্যবস্থাপনায় হিলি দিয়ে তাদের দেশে ফেরার বিরোধিতা করে তাদের প্রবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছিল স্থানীয়রা। সীমান্ত সূত্রে জানা গেছে, তাবলিগের মুসল্লিদের সেই দলটি দেশে প্রবেশের জন্য ভারতের হিলিতে অবস্থান করলেও গতকাল তারা সেখান থেকে চলে যায়। তারা ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারে বলে জানা গেছে।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন তার ভিডিও বার্তায় বলেন, ‘ভারত থেকে তাবলিগ জামাতের ৩১/৪০ জন বাংলাদেশি মুসল্লি দেশে প্রবেশ করবে। তারা হিলি দিয়ে দেশে ফিরুক হিলিবাসী চায় না। এ বিষয়টি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিককে জানালে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে ও ধর্ম সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন তাবলিগ জামাতের সেই দলটি হিলি দিয়ে আসবে না।’ 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, তাবলিগ জামাতের মুসল্লিদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।