করোনায় বিশ্বজুড়ে কনডম সংকট, জাতিসংঘের উদ্বেগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বন্ধ হয়ে গেছে কনডম কারখানা। সেই সঙ্গে ভেঙে পড়েছে পরিবহন ও সরবরাহ ব্যবস্থাও। এতে বিশ্বজুড়ে কনডমের ঘাটতি দেখা যেতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এএফপি জানায়, জন্মনিরোধক তৈরি করছে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়ার কারেক্স। বিশ্বের প্রতি পাঁচটি কনডমের একটি তারা বানায়।

রাবার উৎপাদনে শীর্ষ দেশ হিসেবে মালয়েশিয়ায় এই কোম্পানি গড়ে উঠে। বিশ্বের অনেক দেশের মতো দেশটিতেও করোনা রোধে লকডাউন চলছে।

কারেক্সের প্রধান নির্বাহী গো মিয়াহ কিয়াত জানান, করোনা পরিস্থিতির কারণে বিশ্বে কনডমের ঘাটতি দেখা যাবে।

তিনি জানান, অন্যান্য বছরে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝিতে যে পরিমাণ কনডম উৎপাদন হতো, এ বছর সে সময়ে ২০ কোটি কম কনডম পাওয়া যাবে। এদিকে মালয়েশিয়ায় লকডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

গো মিয়াহ বলেন, ‘এটি চ্যালেঞ্জিং, তবে আমাদের যা করার সেটা যথাসাধ্য চেষ্টা করছি। এটি অবশ্যই একটি বড় উদ্বেগের বিষয় কারণ কনডম একটি প্রয়োজনীয় পণ্য।’

এদিকে জাতিসংঘও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের পপুলেশন ফান্ডের একজন মুখপাত্র বলেন, ‘কনডমের অভাব দেখা গেলে সমাজে ও স্বাস্থ্য ব্যবস্থায় অপ্রত্যাশিত অনেক প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘অনেক দেশের সীমান্ত বন্ধ, সেই সঙ্গে অন্যান্য নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে পরিবহন ও উৎপাদনে প্রভাবিত করছে।’

এমন পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা সেই সঙ্গে জরুরি সহায়তার আহ্বানও করেন।

তিনি বলেন, ‘কনডম বা জন্ম নিরোধকের অভাবে অযৌক্তিক গর্ভধারণের বৃদ্ধি ঘটাতে পারে এবং এতে কৈশোরে পড়া মেয়ে, নারী এবং তাদের সঙ্গী ও পরিবারগুলোর জন্য সম্ভাব্য বিধ্বংসী স্বাস্থ্য ও সামাজিক পরিণতি হতে পারে।’