গোয়ালন্দে জমজমাট হাটবাজার

সরকারি নির্দেশনা না মেনে কারণে-অকারণে ঘর থেকে বাইরে বের হচ্ছে গোয়ালন্দে অবস্থানরত সাধারণ মানুষ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ পৌর এলাকার বাজারে ব্যাপক ভিড় দেখা যায়। পরিস্থিতি দেখে মনে হলো এ যেন কোনো উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাজুড়ে। শনিবার আর বুধবার জমে উঠে গোয়ালন্দ বাজারের হাট।
গত কয়েক দিনে প্রশাসনের তৎপরতার কারণে হাট-বাজারগুলোতে মানুষের সমাগম অনেকাংশে কম হলেও শনিবার আর বুধবার জমে ওঠে গোয়ালন্দ বাজারের হাট। বর্তমানে সেটি বৃদ্ধি পেয়েছে। আইন অমান্য করার প্রবণতা সবার মধ্যে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সামনের দিনগুলো ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিদিন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। যারা আইন অমান্য করছে তাদের জরিমানা ও সাজা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনিকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছি। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের নির্দেশে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না এমন নির্দেশনা আসে।