জীবনে সব কাজে যে আপনি সফল হবেন, তার কোনো মানে নেই। কর্মজীবনে সাফল্য যেমন আসে, তেমনি ব্যর্থতাও আসে। অফিস কিংবা বাড়ি, সবখানেই ব্যর্থতার দেখা মিলতে পারে। নানা চিন্তায় নিজেকে অযোগ্য মনে হয়। এ ধরনের মানসিক অবসাদ থেকে বের হয়ে আসতে করণীয়
ব্যর্থতাকে ধরে বসে না থেকে নিজেকে সময় দিন। রাগ, দুঃখ, হতাশা, নানা ধরনের অনুভূতি মনে আসতে পারে। পুষে না রেখে এই অনুভূতির সঙ্গে মোকাবিলা করলে অবশ্যই মনে জোর ফিরে পাবেন।
ব্যর্থতার জন্য মন খারাপ করে বসে না থেকে নিজেকে এ সময় একটু বেশি সময় দিন। বই পড়া, গান শোনা কিংবা ব্যক্তিগত কোনো শখ নিয়ে সময় কাটালে মন ভালো হবে। মনোযোগের জন্য মেডিটেশনও করতে পারেন।
মনে রাখবেন, মন ভালো না থাকলে খেতে ইচ্ছা করে না, ভালো ঘুম হয় না। এতে শরীর খারাপ হতে পারে। তাই ইচ্ছা না থাকলেও নিয়মিত খাওয়া-দাওয়া, ঘুম, ব্যায়াম কোনোটাই বাদ দেবেন না।
মন খারাপ ও হতাশার রেশ কাটলে এবার পুরো ঘটনা ডায়েরিতে লিখে রাখুন। একটু হলেও মন হালকা হবে। কিছুদিন পর ডায়েরিতে লেখা পুরো ঘটনা ভালো করে পড়লে পুরো ব্যাপারটা একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন।
অফিসে বা বাড়িতে নিজের ভুলগুলো পর্যবেক্ষণ করতে শুরু করুন। প্রয়োজনে কাছের অভিজ্ঞ কারও সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। নিজের দোষত্রুটি স্বীকার করে নিন। আর কোথায় কী ভুল হয়েছে, সেটাও ভালো করে বুঝে নিন। পরে ব্যর্থ কম হবেন।