নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলার ছোট-বড় হাটবাজারে মানুষ যেতে পারছে না, তাই পাড়ামহল্লার মুদি দোকানগুলোতে ভিড় জমাচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গতকাল বুধবার বিভিনড়ব পাড়ামহল্লার মুদি দোকানগুলোতে ৩০ টাকার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। মঙ্গলবার রাত থেকে নারায়ণগঞ্জের পাইকারি আড়তে পেঁয়াজ উধাও হয়ে যায়। ১১০ টাকা কেজির মসুর ডাল ১৪০ টাকায় বিক্রি হয়েছে। ৬৫ টাকার চিনি ৮০-৮৫ টাকায় বিক্রি হয়েছে।
শহরের আমলাপাড়া এলাকার ইমরান হোসেন দেশ রূপান্তরকে জানান, পরিবহনসহ নানান জটিলতার কারণ দেখিয়ে প্রতিনিয়তই পাড়ামহল্লার মুদি দোকানদাররা দাম বাড়িয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। ভূইয়াপাড়ার মো. আরিফুর রহমান জানান, স্থানীয় থানা পুলিশ ও এলাকাবাসী উদ্যোগ নিলে কিছুটা সমাধান হতে পারে।
এ ছাড়া মাছ, ডাল, দেশি মুরগি, পোলট্রি মুরগি, গরুর গোশত, তেল, আটাসহ সব প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে।