হোয়াইট হাউস ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের গোপন সম্পর্ক ফাঁসকারী লিন্ডা ট্রিপ মারা গেছেন।
বিবিসি জানায়, ৭০ বছর বয়সী এই সাবেক আমেরিকান সিভিল সার্ভেন্ট দীর্ঘদিন ক্যানসারে ভুগে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিউনস্কির সঙ্গে ট্রিপ কথপোকথনের রেকর্ডিং প্রকাশ করলে ১৯৯৮ সালে অভিশংসনের মুখোমুখি হন তখনকার প্রেসিডেন্ট ক্লিনটন। এ ঘটনায় প্রশংসার পাশাপাশি নিন্দার শিকার হন তিনি।
ওই সময় পেন্টাগনে কাজ করতেন ট্রিপ। বয়সে ২৪ বছরের বড় হওয়া সত্ত্বেও লিউনস্কির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। ১৯৯৭ সালে নিজেদের এক আলাপ গোপনে রেকর্ড করেন তিনি। যেখানে ক্লিনটনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে স্বীকারোক্তি দেন লিউনস্কি।
এরপর টেপটি স্পেশাল প্রসিকিউটর কেনেথ স্টারকে দেন ট্রিপ। এর সূত্র ধরে তদন্ত শুরু করে প্রশাসন।
লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে ক্লিনটনকে অভিশংসনের মুখে পড়তে হয়। কিন্তু সিনেটের শুনানিতে তিনি রেহাই পান। সম্প্রতি ক্লিনটন দাবি করেছেন, মানসিক চাপ ও উদ্বেগ কমানোর উপায় হিসাবেই মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্ক হয়েছিল।
লিন্ডা ট্রিপের এই ঘটনাকে সমালোচকেরা বন্ধুর সঙ্গে প্রতারণা ও প্রেসিডেন্টের সম্মানহানির অভিযোগ তোলে।
২০০১ সালে ক্লিনটন প্রশাসনের শেষ দিনে পেন্টাগন থেকে বরখাস্ত হন ট্রিপ। পরে তিনি ভার্জিনিয়ায় স্বামীর সঙ্গে একটি দোকান খোলেন।
সম্প্রতি ট্রিপের অসুস্থতার খবর পেয়ে এক টুইট বার্তায় মনিকা লিউনস্কি লেখেন, অতীতের কথা ভুলে লিন্ডা ট্রিপের জন্য সুস্থতা কামনা করছেন। যদিও ১৯৯৮ সালে ট্রায়ালের সময় তিনি বলেছিলেন, যা কিছু ঘটেছে তার জন্য দুঃখিত এবং লিন্ডা ট্রিপকে ঘৃণা করেন।