করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীরা। কারণ দীর্ঘদিন ধরে শুটিং বন্ধ থাকায় তারা কাজ করতে পারছেন না। এদিকে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের সহায়তা করার জন্য এক প্ল্যাটফর্মে এলো ছোট পর্দা কেন্দ্রিক চার সংগঠন। তারা অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের সহায়তা দিচ্ছে।
প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ- এই চারটি সংগঠনের উদ্যোগে গতকাল ৮ এপ্রিল ৪৯২ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়, করোনায় শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরই চারটি সংগঠন নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিল। তারই উদ্যোগ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো।
জানা যায়, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ডস, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ মিলে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করেছে। এ ছাড়া আরও ১২টি সংগঠনের অসচ্ছল সদস্যদের টাকা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এগুলো দেওয়া হয়।