করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য দর্শকশূন্য মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এই দুই দেশের ক্রিকেট ম্যাচ মানেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। সেটিই কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানি তারকা।
শোয়েবের মতামত ছিল এমন- টিভি স্বত্ব থেকে পাওয়া অর্থ ব্যয় হবে দুই দেশের করোনা সংকট মোকাবিলায়। সঙ্গে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে। রাজনৈতিক বৈরিতায় ২০১২ সালের পর আর দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি।
তবে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব শোয়েবের এই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। তার মতে শোয়েবের প্রস্তাব বাস্তবসম্মত নয়। এমনকি তিনি সরাসরিই বলেছেন, ভারতের টাকার প্রয়োজন নেই।
সংবাদ সংস্থা পিটিআইকে কপিল বলেন, ‘সে (শোয়েব) তার মতামত দিয়েছে। তবে আমাদের টাকা জোগাড় করার দরকার নেই। আমাদের যথেষ্ট আছে। আমাদের জন্য বরং এই সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ কীভাবে একসঙ্গে কাজ করবে সেটি গুরুত্বপূর্ণ। আমি এখনো রাজনীতিবিদদের কাছ থেকে অনেক দোষের খেলা দেখছি। যা বন্ধ হওয়া প্রয়োজন।’
করোনা মোকাবিলায় ভারতীয় ক্রিকেট বোর্ড এরই মধ্যে ৫১ কোটি রুপি দান করেছে। প্রয়োজনে আরো দেবে বলে মতামত কপিলের। তবে ক্রিকেট ম্যাচ আয়োজন করে অর্থ জোগানের প্রয়োজনীয়তা দেখেন না তিনি।
কপিল বলেন, ‘পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তাই ক্রিকেট ম্যাচ আয়োজন করা মানে খেলোয়াড়দের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। যার কোনো প্রয়োজন নেই।’
আগামী ৬ মাস ক্রিকেট নিয়ে ভাবনা উচিত নয় বলে মনে করেন কপিল, ‘তিন ম্যাচ থেকে আমরা কত টাকা পাব? আমার মতে আগামী ৫-৬ মাস ক্রিকেট নিয়ে ভাবাই উচিত নয়।’