ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হাওলদার (৫৫) নামে একজন নিহত হয়েছে।
উপজেলার ষোলঘর এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হাওলদারের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি মাইক্রোবাসের আরোহী। এ সময় মাইক্রো ও অ্যাম্বুলেন্সের চারজন আহত হন।
আহতরা হলেন- মাইক্রো আরোহী আরজু আহমেদ (৪০), আবুল হোসেন (৩৬), অ্যাম্বুলেন্সের চালক নাসিম (২৮) ও আরোহী বাবু (২১)। আহত আরজু ও আবুলের বাড়ি টাঙ্গাইলের মধুপুর, নাসিমের বাড়ি গোপালগঞ্জ ও বাবুর বাড়ি বরগুনায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। উল্টো পথে একটি মাইক্রোবাস মুন্সীগঞ্জের মাওয়ার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রো ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রো আরোহী দেলোয়ার হাওলাদার। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।