ব্যালকনি থেকে ঝুলছে ঝুড়ি, কেউ খাবার রাখছেন, কেউ নিচ্ছেন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপ। লকডাউন মহাদেশটি কার্যত অচল হয়ে পড়েছে। বড় ধরনের ধাক্কা খেয়েছে অর্থনীতিও। খাদ্য সংকটে পড়েছে বিপুলসংখ্যক মানুষ।

এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৮ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে এক লাখ ৪৩ হাজার।

লকডাউনে থাকায় নিম্নআয়ের মানুষের কপালে খাবার জুটছে না। সামর্থ্যবানরাও অক্ষম ঘর থেকে বের হয়ে অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে। এমন পরিস্থিতিতে দেশটির নেলসস শহরের বাসিন্দারা বেছে নিয়েছেন অসাধারণ এক পথ।

দক্ষিণ ইতালির শহরটিতে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেওয়া হয়েছে। কাগজে লেখা, ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান।’ ঝুড়িগুলোতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা থাকছে।

খাবার রেখে সেই ঝুড়ি নিচে ঝুলিয়ে দেয়া হচ্ছে, সেখান থেকে কেউ খাবার তুলে নিচ্ছেন আবার কেউ সেখানে খাবার রেখে দিচ্ছেন, যা পরে অন্য কেউ নিয়ে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটিসহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।