অনির্দিষ্টকালের জন্য কুবির সকল কার্যক্রম স্থগিত

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এছাড়া বিজ্ঞপ্তিতে বন্ধ থাকাকালীন সময়ে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।