গাজীপুরে একটি পোশাক কারখায় শ্রমিকদের পরিচয়পত্র রেখে তাদের ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল শুক্রবার গাজীপুর মহানগরীর কড্ডা চেয়ারম্যান বাড়ি এলাকায় এপিএস হোল্ডিং লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। মার্চ মাসের বেতন দিয়ে যেসব শ্রমিকের চাকরির বয়সসীমা এক বছর পূর্ণ হয়নি এমন প্রায় তিন শতাধিক শ্রমিককে জোরপূর্বক আইডি কার্ড ও অব্যাহতিপত্রে স্বাক্ষর রেখে কারখানা থেকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিল্পপুলিশ ও বাসন থানা পুলিশ কারখানায় গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে ছাঁটাই বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। কারখানার ম্যানেজার (প্রশাসন) মো. বাহাদুর আলম বলেন, শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন। কোনো শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে না।