ভারতে করোনায় মৃত ২৫০ ছাড়িয়েছে, আক্রান্ত ৭৬০০

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা আড়াইশ’ ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে সাত হাজার।

ভারতে শনিবার সকাল নাগাদ করোনায় মৃতের সংখ্যা ২৫২ জনে দাঁড়িয়েছে বলে লাইভ আপডেটে জানায় দ্য হিন্দু।

এই সময় জানায়, বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।

অবশ্য শনিবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬৫ জন। সুস্থ হয়েছেন ৬৪২ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

করোনা মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক থেকে লকডাউনের সময় বাড়ানোর নতুন সিদ্ধান্ত হতে পারে।

এদিকে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জনে। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২০০ জন।