মুন্সীগঞ্জে শুক্রবার রাত থেকে ১০ করোনা আক্রান্ত শনাক্ত

নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী আর বাকি আটজন পুরুষ।

আক্রান্তদের মধ্যে জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মচারীকে ঢাকার আইইডিসিআরে নেওয়া হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাতজন ও শনিবার সকালে আরও তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

জেলার টঙ্গিবাড়ী উপজেলায় তিনজন, গজারিয়া উপজেলায় তিনজন, সদরে দুজন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে শুক্রবার ও শনিবার দুই দিনে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়েছে।

সরকারি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন।