প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বর্তমানে সরকারের সাধারণ ছুটির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে।
ফসিউল্লাহ বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মহাপরিচালক আরও বলেন, আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন ক্লাস নিয়ে সময় সমন্বয় করে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।