‘রোনালদো ব্যতিক্রমী অ্যাথলেট’

সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার জুভেন্তাস সতীর্থ অ্যারন রামজি। এই মিডফিল্ডারের মতে, পাঁচবার ব্যালন ডি’অর জেতা পর্তুগিজ তারকা একজন ব্যতিক্রমী ক্রীড়াবিদ।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ইতি টেনে ২০১৮ সালের জুলাইয়ে জুভেন্তাসে পাড়ি জমান ৩৫ বছর বয়সী রোনালদো। নতুন ঠিকায়ও উজ্জ্বল তারকা এই ফরোয়ার্ড। চলতি মৌসুমেও তার গোল সংখ্যা ৩২ ম্যাচে ২৫!

চলতি মৌসুমের শুরুতেই আর্সেনাল ছেড়ে জুভেন্তাসে নাম লেখান রামজি। অল্প কয়েক দিনের চেনাজানাতেই ক্লাবটিতে তারকা সতীর্থ রোনালদোর গুণে মুগ্ধ এই ওয়েলস ফুটবলার।

আইরিশ গায়ক ও গীতিকার নায়াল হোরানের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোনালদো প্রসঙ্গে ২৯ বছর বয়সী রামজি বলেন, “তিনি একজন ব্যতিক্রমী অ্যাথলেট।”

“জিমেও তিনি প্রথম। তিনি তার পুরো রুটিনেই প্রথম।... তিনি একজন উইনার। প্রতিটা ম্যাচই জিততে চান।”

“তিনি কতটা ভালো বা উজ্জীবিত একজন খেলোয়াড় সেটা আমার বলার দরকার নেই। অবিশ্বাস্য খেলোয়াড় তিনি, খেলাটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।”