সাত দিনের মধ্যে সরকারকে কিট দেবে গণস্বাস্থ্য: ডা. জাফরুল্লাহ

আগামী সাত দিনের মধ্যে করোনার টেস্টিং কিট তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে করোনাভাইরাস শনাক্তের কিট সরকারের কাছে হস্তান্তরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এখন আবার কিট তৈরির কাজ চলছে। আগামী সাত দিনের মধ্য কিট তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কিট হস্তান্তর করার পরপরই যেন দ্রুত করোনাভাইরাস শনাক্তে ব্যবহার করা হয়। এই কিট দিয়ে মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সরকারের কাছে তা হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার বিকেলে কভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৯ মার্চ কিট উৎপাদনের অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, সরকারের ওষুধ প্রশাসন করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে।

তিনি জানান, এ কিট তৈরির কাঁচামাল আসবে ইংল্যান্ড থেকে। কাঁচামাল এলে এক সপ্তাহের মধ্যে আমরা উৎপাদনে যেতে পারব। দুই সপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে পারে।

ডা. জাফরুল্লাহ বলেন, প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রতিটি কিটের দাম হতে পারে ২০০ টাকার মতো।

গণস্বাস্থ্য কেন্দ্রে উৎপাদিত সব কিট সরকারের কাছে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।