বৈশ্বিক মহামারি কোভিড- ১৯ বা নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ২০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে নিজেদের তৈরি পণ্য অনুদান, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য খাতে উন্নয়নে সহযোগিতা প্রদান, কোম্পানির কার্যক্রমের সঙ্গে জড়িতদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরবরাহ, বিপণন ও সার্বিক ভ্যালু চেইন ব্যবস্থায় নিয়োজিত কর্মীদের সবার জীবিকা নিশ্চিত করাসহ নানান ধরনের কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ।
এছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত এক কোটি টাকা আর্থিক মূল্যের পণ্যসামগ্রী বিনা মূল্যে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি করোনা মোকাবিলায় সাহায্য হিসেবে ইউনিলিভার বাংলাদেশ এর কর্মীরা তাদের অন্তত একদিনের বেতনের টাকা প্রদানে অঙ্গীকার করেছে। তাদের দেওয়া অর্থের সমপরিমাণ অর্থ কোম্পানিও দেবে, যা দিয়ে একটি তহবিল গঠন করা হচ্ছে। যাদের সহায়তা পাওয়া খুবই প্রয়োজন, সেই সব অসহায় মানুষকে এই তহবিলের অর্থ দিয়ে সহায়তা প্রদান করা হবে।
এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে বলেন, চ্যালেঞ্জিং এই সময়ে আমরা জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমাদের দায়িত্ব হলো, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সাহায্য করা। যাতে তারা করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সক্ষম হন।
তিনি বলেন, করোনাজনিত চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় এবং বিভিন্ন পর্যায় থেকে তা মোকাবিলা করার লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদার ও সুশীল সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছি।