গাজীপুরে নবজাতককে হাসপাতালে রেখে তার মা পালিয়ে গেছেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটি বর্তমানে হাসপাতালের সমাজসেবা কর্মকর্তার অধীনে একজন আনসার সদস্যের প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সমাজসেবা বিভাগের কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, শুক্রবার সকালে পৌনে ৮টায় দুদিন বয়সী নবজাতকটির মা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। এর পর থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতালের ভর্তি রেজিস্টারে নবজাতকটির মায়ের নাম লিজা আক্তার পেশায় পোশাক শ্রমিক তার স্বামীর নাম মো. আনোয়ার হোসেন, ঠিকানা ভোগড়া বাইপাস লেখা রয়েছে। ভর্তি রেজিস্টারে একটি মোবাইল নম্বর দেওয়া থাকলেও তা বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাজসেবা কর্তৃপক্ষকে জানালে তারা শিশুটির দায়িত্ব নেন। তিনি আরও জানান, নবজাতকটির বৈধ অভিভাবক না পাওয়া গেলে তাকে শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন জানান, শিশুটি দুই-তিনদিন আগে জন্ম নেয়। ৩৪-৩৫ সপ্তাহে জন্ম নেওয়া নবজাতকটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছে।