করোনায় কর্মহীনদের খাদ্য নিরাপত্তার দাবি সুজনের

করোনাভাইরাসের কারণে কর্মহীন ব্যক্তি ও তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নগদ অর্থ প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তা না হলে খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। গতকাল শনিবার সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে অসংখ্য মানুষের শুধু জীবনের ঝুঁকিই সৃষ্টি হচ্ছে না, বেসরকারি খাতে বেকারত্বও ব্যাপকভাবে বেড়েছে। এ বেকারত্বের বিরাট অংশেরই উৎস অপ্রাতিষ্ঠানিক খাত। এদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, যারা মূলত দিন আনে দিনে খায় তাদের সঞ্চয় নেই বললেই চলে। তাই তাদের বেকারত্ব ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এদিকে ১০ টাকা দামে দেওয়া চাল পাওয়া গেলেও, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তা যথেষ্ট নয়।