পুলিশের নামে ভুয়া পেজ খুললেই কঠোর ব্যবস্থা

পুলিশের নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক পেজ খুলে প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ সদর দপ্তর। যারা এসব অপকর্ম করছে তাদের আইনের আওতায় আনতে পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানিয়েছেন, পুলিশের সুনির্দিষ্ট একটি অফিশিয়াল ফেইসবুক পেজ রয়েছে। কিন্তু ইদানীং কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান পুলিশের নাম কিংবা লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ফেক পেজ বা গ্রুপ খুলেছে।