বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকার স্টিল মিলের শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ৪ মাস শেষ হতে চললেও এখনো তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

বারবার তাগাদা দিলেও দিচ্ছে না। সব কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করে ছুটি দেওয়া হয়েছে, সেখানে তাদের ৪ মাসের বেতন বাকি। তারা অসহায়, কীভাবে তাদের সংসার চলবে? আজও (গতকাল) বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু না দিয়ে কিছু শ্রমিককে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, আড়াইশ গ্রাম হলুদ ও ২টি করে সাবান দিয়ে বিদায় করে দেওয়া হয়।

ধামরাই থানার এসআই মিজানুর রহমান বলেন, আজ (গতকাল) বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। না পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চলতি মাসের ২৬ তারিখ বেতন পরিশোধ করা হবে কর্তৃপক্ষের এমন আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন।