ইতালিকে ছাড়িয়ে মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র

নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম দেশ হিসেবে একদিনে ২ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায় শীর্ষে উঠে যায়।

শনিবার পর্যন্ত ইতালিতে মারা গেছেন ১৯ হাজার ৪৬৮ জন। সেখানে আমেরিকায় ২০ হাজার ৬০২ জন। গোটা আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৭৪০।

আমেরিকা, ইতালির মতো মৃতের সংখ্যায় পাল্লা দিচ্ছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

ফ্রান্সেও প্রায় একই অবস্থা। ১৩ হাজার ৮৫১ জনের মৃত্যু হয়েছে সেখানে।

গত ডিসেম্বরে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে মারা গেছেন ৩ হাজার ৩৪৩ জন। আক্রান্ত হয়েছিলেন ৮৩ হাজার ১৪ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৮৭৭ জন।

যুক্তরাজ্যে মারা গেছেন ৯ হাজার ৮৯২ জন। সেখানে মোট আক্রান্ত ৭৭ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়েছেন মাত্র ৬২২ জন।

ইরানে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। আক্রান্ত ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৪৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।