সেই অপুর খাবারের ব্যবস্থা করলেন লালবাগ থানার ওসি

রাজধানীর লালবাগে টং চায়ের দোকানি অপু পালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দীন। শনিবার রাত ১০টার দিকে অপু পালকে থানায় ডেকে তার হাতে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এর আগে দিনভর রাজধানীর লালবাগ, আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেও কোনো খাদ্য সহায়তা না পাওয়ায় চরম বিপাকে পরেন অপু পাল। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অর্ধাহারে দিন কাটছিল তার। এক এলাকার ভোটার হয়ে অন্য এলাকায় থাকার কারণে তিনি সরকারি সহায়তা পাচ্ছেন না।

বিষয়টি দেশ রূপান্তরের এ প্রতিবেদক লালবাগ থানার ওসিকে অবহিত করলে রাতেই অপু পালকে থানায় ডেকে নিয়ে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন তিনি।

অপু পাল দেশ রূপান্তরকে বলেন, ওসি স্যার রাতে থানায় ডেকে নিয়ে ৩ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি করে ডাল, লবণ ও তেল দিয়েছেন। কমিশনারের সঙ্গে আবার দেখা করতে বলেছেন ওসি স্যার।

এর আগে সকালে লালবাগ এলাকার ফুটপাতে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় অপু পালের। তখন তিনি জানান, আজিমপুর এতিমখানা মোড়ে ১ নম্বর পানির পাম্পের পাশে তার বাসা। লালবাগে রাস্তার পাশে টং দোকান ছিল তার। গত ৮ বছর ধরে সেখানেই চায়ের দোকানদারি করে সংসার চালান। করোনার জন্য গত ২২ মার্চ থেকে তার দোকান বন্ধ। যে এলাকায় থাকেন সেখানকার ভোটার না হওয়াতে কোনো সরকারি সহায়তা পাচ্ছেন না তিনি। তিন বছরের এক মেয়ে, আট বছরের এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মানবেতর দিন কাটছে তার।

লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দীন বলেন, করোনার কারণে লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়েছেন। পুলিশের প্রতিটি সদস্য এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে আছে। যে যার জায়গা থেকে অসহায় মানুষকে সহায়তা করছে। আমার এলাকায়ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। চাল, ডালের পাশাপাশি খাবারও দেওয়া হচ্ছে। সমাজের সকল বিত্তবানদের উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।