স্বামীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন হযরত আলীর স্ত্রীর

কারাবন্দী স্বামীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর স্ত্রী নিলুফা খানম। রবিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হযরত আলীর স্ত্রী জানিয়েছেন, আমার স্বামী হযরত আলী দীর্ঘ ২০ মাস যাবৎ কারাগারে বন্দী। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমার স্বামীর মুক্তি চাই।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ তিনি ডায়াবেটিস, হৃদ্‌রোগ, চর্মরোগ, পাইলসসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তার রক্তে গ্লুকোজ ওঠানামা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসছে। কারাগারে যাওয়ার পর তার ২ কেজি ওজন কমে গেছে।

প্রধানমন্ত্রীর কাছে করা আবেদনে নিলুফা খানম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীদের মৃত্যুর হওয়ার খবরে আমার স্বামীর জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছি।

নিলুফা খানম বলেন, চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে পাঠানো হয়েছে।

এদিকে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে চিঠি ও নেতাদের নামের তালিকা পাঠিয়েছেন।