দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় করোনা বিস্তারের সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসন তিন ধাপে ‘করোনাভাইরাস প্রতিরোধ কমিটি’ গঠন করেছেন।
প্রথম ধাপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নীকে প্রধান করে ৩৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
দ্¦িতীয় ধাপে পার্বতীপুর পৌরসভা কমিটির প্রধান হয়েছেন পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক। এতে সদস্য করা হয়েছে ৯ ওয়ার্ডের ৯জন কাউন্সিলরকে।
এছাড়া তৃতীয় ধাপে উপজেলার ১০ ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এতে ৯ ওয়ার্ডের ইউপি সদস্যদের ওই কমিটির সদস্য করা হয়েছে।
শনিবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী নিজ কার্যালয়ে এ কমিটি গঠন করেন।
উপজেলা কমিটি ছাড়াও পৌরসভা ও ১০ ইউনিয়নের করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম সার্বক্ষনিক তদারকির জন্য ৩৩ জন অফিসার নিয়োগ করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী বলেন, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার-ভিডিপি সদস্য, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে এক যোগে কাজ করে যাচ্ছি।