ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা করল স্বামী-ছেলে

পাবনার ঈশ্বরদীতে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় আনজেরা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও ছেলের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া লালমনিরহাটের কালীগঞ্জে ইটভাটার মালিক ও তার স্বজনদের পিটুনিতে এক কৃষক মারা গেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে গতকাল রবিবার ভোররাতে এবং সকালে বগুড়ার পৃক স্থানে দুই ব্যক্তি খুন হন। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, নিজ নামীয় জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য আনজেরাকে তার স্বামী আজিবার প্রামাণিক (৫০), ছেলে রানা প্রামাণিক (২৭) ও তার স্ত্রী সাদিয়া খাতুন (২৩) চাপ দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যার দিকে তাকে বাঁশ ও শাবল দিয়ে পিটায় তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বামী ও ছেলে পালিয়ে গেলেও এলাকাবাসী পুত্রবধূ সাদিয়াকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে স্বামী ও ছেলেসহ পাঁচজনের নামে মামলা করেছেন। ওসি আরও জানান, আটক সাদিয়াকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গত বছর উপজেলার চলবলা গ্রামে একটি ইটভাটা চালু করা হয়। সেই ভাটার পাশেই আমিনুর রহমানের (৫৫) বাড়ি। ভাটায় ভাঙা কয়লার গুঁড়া আশপাশের বাড়ি ও গাছপালায় পড়ে দূষণের সৃষ্টি করছিল। এ অবস্থায় গত শুμবার রাতে আমিনুর ও তার ছেলে ইটভাটায় গিয়ে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর কয়লা ভাঙতে বলেন। কিন্তু সেখানে উপস্থিত ইটভাটার মালিকদের একজন রাকিবুল ইসলাম আমিনুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানে আসেন তার স্বজনরা। পরে সবাই মিলে আমিনুরকে বেধড়ক পেটাতে শুরু করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার রাত ২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রাকিবুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে বগুড়া সদর থানার পরিদর্শক রেজাউল করিম জানান, রবিবার ভোরে শহরের তিনমাথা রেলগেটের অদূরে মহাসড়কের পাশে ছুরিকাহত অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, গতকাল সকালে উপজেলার অন্তাহার গ্রামে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম মিঠু (৪০) নামে এক ব্যক্তি খুন হন।

নওগাঁয় নবজাতকের লাশ উদ্ধার : শহরের টিনপট্টি এলাকা থেকে গতকাল বেলা ১১টার দিকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি (তদন্ত) ফয়সাল আহম্মেদ বলেন, নবজাতকের বয়স ১-২ দিন হবে।