করোনা মোকাবিলায় কার্যকর জাতীয় ঐক্য গড়তে হবে : রব

করোনাভাইরাস মোকাবিলায় শুধু রাজনৈতিক দলের ঐক্য নয়, সমাজ শক্তির সমন্বয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আবদুর রব বলেন, বিদ্যমান এই ভয়াবহ সংকট থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উচ্চারিত হচ্ছে। কিন্তু গতানুগতিক রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই দুর্যোগ পাড়ি দেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ভিন্ন দ্যোতনার এবং কার্যকরী ঐক্য গড়ে তোলা। তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব রাজনৈতিক দলের সঙ্গে চিকিৎসক, এপিডেমিওলজিস্ট, গবেষক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ প্রস্তুতকারী, বিক্রেতা, পরিবেশক, হাসপাতাল মালিক, ব্যবস্থাপক, সংবাদপত্রসহ সংশ্লিষ্ট সবাইকে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে।