রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। গতকাল রবিবার বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম দেশ রূপান্তরকে জানান, রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়। বন্দর সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরকালে অন্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর এম শফিউল বারী ও সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন এম মহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ হলেন চট্টগ্রাম বন্দরের ৪০তম চেয়ারম্যান। এর আগে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।