থানায় ডেকে নিয়ে যুবককে খাদ্য সহায়তা

রাজধানীর লালবাগে চায়ের দোকানি অপু পালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দীন। গত শনিবার রাত ১০টার দিকে অপু পালকে থানায় ডেকে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। নিষেধাজ্ঞার কারণে দোকান বন্ধ হয়ে পড়ায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছিলেন এই অপু পাল। বাধ্য হয়ে খাদ্য সহায়তার আশায় নেমেছিলেন রাস্তায়। তবে গত শনিবার দিনভর লালবাগ, আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেও মেলেনি কোনো সহায়তা। ওই দিনই প্রতিবেদকের সঙ্গে দেখা হয় তার। 

কথা প্রসঙ্গে জানান, এক এলাকার ভোটার হয়ে অন্য এলাকায় থাকার কারণে তিনি সরকারি সহায়তা পাচ্ছেন না। এ বিষয়টি দেশ রূপান্তরের এ প্রতিবেদক লালবাগ থানার ওসিকে অবহিত করলে শনিবার রাতেই অপু পালকে থানায় ডেকে নিয়ে দেওয়া হয় খাদ্য সামগ্রী। অপু পাল দেশ রূপান্তরকে বলেন, ওসি স্যার রাতে থানায় ডেকে নিয়ে ৩ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি করে ডাল, লবণ ও তেল দিয়েছেন। পাশাপাশি লালবাগের কাউন্সিলরের সঙ্গে আবার দেখা করতে বলেছেন ওসি স্যার।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দীন বলেন, করোনার কারণে লাখ লাখ মানুষ চরম অসহায় হয়ে পড়েছেন। পুলিশের প্রতিটি সদস্য এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে আছে। যে যার জায়গা থেকে অসহায় মানুষকে সহায়তা করছে। সমাজের সব বিত্তবানদের উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো