ইতালিতে ‘সর্বনিম্ন’ মৃত্যুর দিনে ১০ হাজার ছাড়াল যুক্তরাজ্যে

নভেল করোনাভাইরাসে ইতালি, ফ্রান্সে মৃত্যুর হার কিছুটা কমেছে। এমন সময়ে যুক্তরাজ্যে ১০ হাজার ছাড়িয়েছে।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, তাদের দেশে ১৯ মার্চের পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ মারা গেছেন, ৪৩৭ জন। আগের দিন মারা গিয়েছিল ৬১৯ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৯, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৭৩৭ জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬২৯’এ।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩১৫ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের অর্ধেক। ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২ জন।

মৃতের সংখ্যায় ফ্রান্সের উপরে স্পেন, ১৭ হাজার ২০৯। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৪৮ হাজার ৫০৩, আর মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৮৫। এর মধ্যে আমেরিকায়ই প্রাণ গেছে ২২ হাজার ৭৩ জনের!

রবিবার পর্যন্ত বাংলাদেশে ৬২১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৪ জন মারা গেছেন।