ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
বোর্ড সংশ্লিষ্ট নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ভিডিও কনফারেন্সে কথা বলবেন কর্মকর্তারা।
আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। তবে করোনার প্রাদুর্ভাবে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত।
ভারতজুড়ে লকডাউন চলছে। এটি আরও বাড়তে পারে। এরই মধ্যে গত বৃহস্পতিবার উড়িষ্যা প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সীমা বাড়িয়েছে। এরপর পাঞ্জাবসহ আরও বেশ কয়েকটি রাজ্য হেঁটেছে একই পথে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য হিন্দু লিখেছে, ‘জীবন এখন পুরোপুরি থমকে আছে। এই মুহূর্তে আইপিএলের কোনো অপশন নেই।’
‘কখন খেলা মাঠে গড়াবে, সেটি এখন বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমরা অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করব।’