প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব বৈশ্বিকভাবে না কেটে গেলে মসজিদে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে সৌদি আরবে। রমজানে জামাতে তারাবিহ আদায়ের ক্ষেত্রেও সেটা বহাল থাকতে পারে।
শনিবার এমবিসি চ্যানেলে এক সাক্ষাৎকারে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শায়খ ড. আবদুল আতিফ বিন আবদুল আজিজ এমন ইঙ্গিত দিয়েছেন।
দ্রুতই আল্লাহ এই মহামারী থেকে মুক্তি দেবেন এমন দোয়া করে তিনি বলেন, মসজিদে তারাবিহর নামাজ বন্ধের চেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল ফরজ নামাজের জামাত বন্ধের সিদ্ধান্ত।
মসজিদে জামাতে হোক কিংবা বাসায় আদায় করা হোক- আল্লাহ যেন সবার তারাবিহ কবুল করেন সে মিনতি করেন শায়খ আবদুল আতিফ।
আরব নিউজ জানায়, রবিবার সৌদি আরবে করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪২৯ জন।
এ নিয়ে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৪৬৮ জনে।
করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবে সান্ধ্যকালীন কারফিউ বলবৎ রয়েছে। দুই পবিত্র মসজিদ- মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সব মসজিদে জামাতে নামাজ সীমিত করা হয়েছে। বন্ধ রয়েছে ওমরাহ পালনও।