বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে সোনারগাঁয়ের হোসেনপুরে দাফন করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মাহফুজুর রহমান কালাম বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে সোনারগাঁয়ে দাফনের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কিত করা হয়েছে। যেহেতু সে সোনারগাঁয়ের সন্তান নয়, সোনারগাঁ এ কুলাঙ্গারের জন্ম দেয়নি সুতরাং তার কবর সোনারগাঁয়ে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনির লাশ যাতে সোনারগাঁ থেকে অপসারন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মোল্লা, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ ও সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন প্রমুখ।