কুড়িগ্রামের রৌমারীতে এক কিশোরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কুড়িগ্রামে এই প্রথম কেউ করোনা আক্রান্ত হলেন।
সোমবার কুড়িগ্রামের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ ঘটনার পর ওই কিশোরের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা সংক্রমণের টেস্টের জন্য তার পরিবারের সদস্যদের শরীর থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া ১৭ বছর বয়সী ওই কিশোর সাভারে মামার বাড়িতে বেড়তে গিয়েছিল। ৬ এপ্রিল সে তার বাড়ি রৌমারী উপজেলার টাপুর চরে ফিরে আসে। এরপর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়।
তিনি জানান, গত শুক্রবার কিশোরটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সোমবার ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
রৌমারীর উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানান, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে পুরো গ্রামটি লকডাউন করা হবে।