বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারায়ণগঞ্জ থেকে দুই নারী ফিরেছেন শুনে এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়েছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীদের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টাইনে রাখা ও লকডাউনের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের দুই গার্মেন্টসকর্মীর বাড়িতে হামলা চালায়।
নারায়ণগঞ্জে করোনা ভয়াবহতা ছড়িয়ে পড়ায় গত রবিবার নারায়ণগঞ্জ থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের নিজ বাড়ি আসেন গার্মেন্টসের দুই কর্মী। এ খবর ছড়িযে পড়লে সোমবার সকালে করোনা আতঙ্কে ওই বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীদের আশ^স্ত করেন। পরে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে করোনা ভয়াবহতা ছড়িয়ে পড়ায় দলে দলে গ্রামে আসছেন লোকজন। গত রোববার নারায়ণগঞ্জ থেকে দুই গার্মেন্টস নারীকর্মী উপজেলার শিহিপাশা গ্রামে নিজ বাড়িতে আসেন। ওই দুই নারী করোনায় সংক্রমিত অসুস্থ হয়ে বাড়িতে এসেছে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। এতে গ্রামবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে শতাধিক বিক্ষুব্ধ গ্রামবাসী ওই বাড়িতে হামলা চালায়।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর অনুরোধ করেন।
ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং পরিবারটি লকডাউন করার কারণে পরিষদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।