বাংলাদেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞ্ঞা জোত মহাথেরো (উ চ হ্লা ভান্তে) আর নেই। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
উ চ হ্লা ভান্তের ভগ্নিপতি ডা. অং চা লু জানান, গুরু ভান্তে দেহত্যাগ করেছেন। সবার সিদ্ধান্তক্রমে তার অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ জানানো হবে।
এর আগে গত শুক্রবার দুপুর ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে চিকিৎসা চালানো হয়। ওই দিন সকালেই তাকে অসুস্থ অবস্থায় বান্দরবান থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছিল।
উ চ হ্লা ভান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে লেখাপড়া করে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে চাকরি ছেড়ে তিনি ধর্মসাধনায় আত্মনিয়োগ করেন। প্রতিষ্ঠা করেন দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ, বুদ্ধ ধাতু জাদি ও রাম জাদি নামক ধর্মীয় প্রতিষ্ঠান।