বিমানবাহিনীর হেলিকপ্টারে পিপিই খুলনায়

বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) ও চিকিৎসা সহায়ক সামগ্রী গতকাল সোমবার ঢাকা থেকে খুলনায় পাঠানো হয়েছে। সামগ্রীগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, করোনাভাইরাস প্রতিরোধে বিমানবাহিনী কর্তৃক দেশের বিভিন্ন স্থান জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো, বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যানবাহন ডিসইনফেকশন করা, বিমানবাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য ডিসইনফেকশন পয়েন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) তার সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি ও এর পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছে।