করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্ধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাসমূহ বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।
পুনরায় ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল চালুর বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের কারণে সরকারি ঘোষণা মতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ এবং অফিসসমূহ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।