লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকা থেকে ৪৫ বছর বয়সী বধির আব্দুর রহিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারী আমিন বাজার সড়কের পার্শ্বে একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ মান্দারী গন্তব্যপুর মৃত-সৈয়দ আহাম্মেদের ছেলে।
আব্দুর রহিমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বধির আব্দুর রহিম মানসিক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে দুদিন ধরে দক্ষিণ মান্দারী গন্তব্যপুর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। আজ সকালে সদর উপজেলার মান্দারী আমিন বাজার সড়কের পাশে একটি গাছে মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহের পরিচয় শনাক্ত করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, বধির আব্দুর রহিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।